জামিয়া রহমানিয়ার চলমান পরিস্থিতি ❑ মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

0

জামিয়া রহমানিয়ার চলমান পরিস্থিতি 

রাহমানিয়ার চলমান পরিস্থিতিতে আজ উস্তাজুল মুহতারাম আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ (রহিমাহুল্লাহ)-কে খুব বেশি মনে পড়ছে৷ প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান— জামিয়া শারইয়্যাহ মালিবাগকে বড়ো আপন মনে হচ্ছে৷ সারাদিন ইমতিয়াজ উদ্দিন মাসরুর ভাইয়ের গাওয়া ‘এই বাংলার বুকে হেরার জ্যোতিতে আলোকিত এ কানন’ তারানাটি শুনে চলেছি৷

প্রিয় জামিয়ায় গিয়ে একটি রাত অন্তত সুখের ঘুম ঘুমোতে ইচ্ছে হচ্ছে৷ যেখানে কেটেছে আমার কৌশোর-উচ্ছল তারুণ্যভরা সোনালি দিনগুলি৷ এসবের কারণ আসলে, যে যেই প্রতিষ্ঠানে পড়াশুনো করে, সেখানকার প্রতি তার আলাদা একটা হৃদ্যতার সম্পর্ক তৈরি হয়ে যায়৷ আজ যেমন রাহমানিয়া থেকে বেরুবার মুহূর্তে বহু রাহমানিয়াপ্রেমীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে৷ 

আহ! আজ সেদিন, যেদিন কাজী সাহেব হুজুর (রহিমাহুল্লাহ) হজে গেলেন৷ আর হজ থেকে ফিরে এসে দেখলেন, তাঁর কাঁথা-বালিশ তাঁরই প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে রেখে দেওয়া হয়েছে৷ এরপর তিনি সময়ের পালাবদলে মালিবাগ জামিয়াকে তিলে তিলে একটা অনন্যতার রূপ দিলেন৷ আজ রাহমানিয়ার চাবি হস্তান্তর করার উদ্দেশ্যে মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর যখন যাত্রাবাড়ি গেলেন, তখন ঠিক এ কথাটিই বারবার মনে পড়লো— কাজী সাহেব হুজুরের সেই হালত হয়ে যায় কিনা!

বন্দি আলেমদের এ সুযোগকে কাজে লাগিয়ে পরিবেশ ঘোলাটে করার কী মানে, বুঝে আসে না৷ রাহমানিয়ার পুরোনো সেই ইস্যু সামনে আনার কী প্রয়োজন, মাথায় ধরে না৷ একগুয়েমি, প্রতিশোধপরায়ন থেকে নয় কি এসব? কেনো, কীসের জন্য করা হচ্ছে বা হলো এসব? আছে কি এর সঠিক যুক্তিযুক্ত কোনো জবাব?

রাহমানিয়াপ্রসঙ্গে পক্ষে-বিপক্ষে অনেকে অনেক কথা লিখে যাচ্ছেন ফেসবুকে৷ এই ক'দিন ধরে সেসব পড়ে যাচ্ছি শুধু৷ কিন্তু বাস্তবতা তো সবার সামনে স্পষ্ট৷ এসব খোঁচাখুঁচি,  রাগারাগি, হেয় করা-করি বাদ দিয়ে সমঝোতার পথে হাঁটা উচিত৷ আমাদের মুরব্বিরা আমাদের তুলনায় ভালো বোঝেন৷ রাব্বুল আলামিন উনাদের মাধ্যমে এর একটা সুষ্ঠু বিহিত দ্রুত করে দিন৷ দু-পক্ষের কোনো আলেমেরই কোনো ক্ষতি, মানহানি কিংবা ঝামেলা হোক, সেটা কখনও কাম্য নয়৷

যতো যা-ই হোক, দিনশেষে মুফতি মানসুরুল হক সাহেব হুজুর এবং মাওলানা মাহফুজুল হক সাহেব হুজুর ও মাওলানা মামুনুল হক সাহেব হুজুর— সবাই-ই কিন্তু আমাদের সারেতাজ৷ তাদের কারোর পক্ষ নিয়ে অপর পক্ষকে ঘায়েল করার মানসিকতা না রাখা উচিত৷ প্রকৃত সত্যটা জানুন৷ বুঝুন৷ তারপর ভদ্রতা বজায় রেখে কথা বলুন৷ এমনভাবে কথা না বলা চাই, যাতে কোনো আলেমের শান-বিরোধী হয়৷

একজন তাইসিরপড়ুয়া তরুণের মুখে যদি বড়োদের সমালোচনা বা তানকিদ শোনা যায়, সেটা মানায় না৷ এ কথা মাথায় রাখতে হবে, ইলমে-আমলে ও তাকওয়া-পরহেজগারিতায় আমরা বড়োদের দেহের একটা লোমের সমানও নই৷ তাঁরা কোনো ইজতেহাদি খতা করলে সেটার দায়ভার তাঁদের৷ তা নিয়ে আমার আপনার মাথা ঘামিয়ে অযথা পেরেশান হবার তো কোনো মানে হয় না৷ ভারসাম্যপূর্ণ মানসিকতা বজায় রাখুন৷

কওমিপাড়ায় অযাচিতভাবে নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ির ফলে শত্রুপক্ষ যেনো সুযোগ না পায়, সেদিকে লক্ষ্য রাখা চাই৷ রাহমানিয়া যেভাবে চলছে, সেভাবেই চলতে দেওয়া হোক৷ আমরা চাই, আমাদের সারেতাজগণ এ ইস্যুতে যেনো অন্য কোনো বাতিলের উস্কানিতে জড়িয়ে না পড়েন৷ বরং নিজেরা পারস্পরিক আলোচনা-পর্যালোচনার মাধ্যমে একটা সিদ্ধান্তে পৌঁছোন৷

সর্বোপরি আলেমদের মধ্যকার ভ্রাতৃত্বের সম্পর্ক কায়েম রেখে সুন্দর ও সুষ্ঠু একটা সমাধানে এগুনো সময়ের দাবি৷ রাহমানিয়া রাহমানিয়ার জায়গায় থাকুক, আবরার আবরারের জায়গায় থাকুক৷ মুফতি মানসুরুল হক সাহেব হুজুর তাঁর জায়গায় থাকুক৷ আর শাইখুল হাদিস সাহেব হুজুরের পরিবার তাঁদের স্থানে থাকুক৷ বরং এ দু-পক্ষের মাঝে রাব্বে কারিম আরও বেশি উলফত, মহব্বত, মাওয়াদ্দা পয়দা করে দিন৷ যেনো আগের সেই হৃদ্যতা তাঁদের মাঝে ফিরে আসে৷ সবকিছু আগের মতো স্বাভাবিক চলতে থাকে৷

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ
তাকমিল [১৪-১৫] : জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকা

Post a Comment

0Comments
Post a Comment (0)