একটি গরুর আত্মকথন ❑ ফরিদা ইয়াসমিন নার্গিস

0


একটি গরুর 
আত্মকথন


মায়ের প্রথম স্পর্শটা অসাধারণ ছিল। আমার সারা শরীর জিভ দিয়ে চেটে দিচ্ছিল মা। কি যে ভাল লাগছিল আমার! ভাবি, এ আমি কোথায় এলাম! এত সুখ এখানে! এরপর পেলাম মায়ের দুধের অমৃত স্বাদ।

    কিন্তু কয়েকদিন পর থেকে আমার বঞ্চনার শুরু। আমার পেটে রাজ্যের ক্ষুধা অথচ আমাকে আমার মায়ের দুধ খেতে দেয়না কয়েকজন নিষ্ঠুর মানুষ। আমাকে জোর করে আটকে রেখে মায়ের শরীর থেকে সবটুকু দুধ ওরা নিংড়ে নিয়ে যেত। আমি কত কাঁদতাম, মায়ের চোখ দিয়েও অশ্রু নেমে আসত নীরবে। প্রথম প্রথম মা অনেক চেষ্টা করেছে লোকগুলোকে ভয় দেখানোর। লাথিটাথি মেরেছে দুই একবার কিন্তু তার বিনিময়ে মায়ের জুটেছে অকথ্য নির্যাতন। দূরে দাড়িয়ে মায়ের  কষ্ট দেখে নিজের কষ্ট ভুলে গিয়েছি আমি।  মাকে বলেছি, "মা, থাক না আমার তো বেশি ক্ষুধা পায়না ওরা নেয়ার পরে যেটুকু দুধ হবে তা খেলেই আমার চলে যাবে। তুমি ওদের সাথে আর খারাপ আচরণ করো না।" মা তারপর থেকে মুখ বুজে সব সয়ে যাচ্ছিল। 
     কয়েকদিন যেতে না যেতে পেটের ক্ষুধা আমার বাড়তে লাগল। মা আমার বুঝে ফেলল সব। 
     বলল, "আয় বাবা দেখ কিভাবে ঘাস, খড় এগুলো খেতে হয় শিখে নে। বড় হচ্ছিস তো। "
    ক্ষুধা মিটাতে আমি বেশ অল্প সময়ে ঘাস খাওয়া শিখলাম। এরপর খেয়েদেয়ে বেশ বড়টি হয়ে উঠছিলাম। মা আমাকে আদর করে নাম দিয়েছিল বিট্টু। আর আমাদের মালিক আমাকে বলদ বলতো। আমার কি যে রাগ হত নামটা শুনে! 
    আমি বড় হচ্ছি, কোথায় আমার মা খুশি হবে! দেখছি দিন যত যাচ্ছে মায়ের মনটা খারাপ হয়ে যাচ্ছে। মাকে কারণ জিজ্ঞেস করলে মা কৌশলে এড়িয়ে যেত। একদিন আমার বড় বোনের কাছ থেকে জানতে পারলাম আমরা ছেলেরা বড় হলে আমাদের এরা বিক্রি করে দেয়। গোয়ালে রাখে না। আমাদের নাকি অনেক দাম ওঠে কোরবানির সময়। এসময় নাকি মানুষেরা আমাদের জবেহ করে পূণ্য লাভ করে। শুনে আমি বললাম, "পূণ্য করার জন্য অন্যের ছেলেকে কেন জবেহ করতে হবে?ওদের ছেলে নাই? "
     আমার বোন দীর্ঘনিঃশ্বাস ফেলে বলল, "জানিনা রে ভাই। ওরা আগে নাকি আমাদের বাপ-দাদাদের দিয়ে জমির লাঙ্গল টানাতো এখন তো আবার কলের লাঙ্গল এসেছে তাই আমাদের পরিবারে ছেলে হলেই ওরা তাদের জবেহ করার জন্য হৃষ্টপুষ্ট বানানো শুরু করে। ঘরে রাখেনা, বাঁচতে দেয় না। শুধু মেয়েরাই বেঁচে থাকার যা একটু সুযোগ পায়। অবশ্য মেয়েদেরও মাঝে মাঝে জীবন সংশয় ঘটে। আমাদের নানীর কিভাবে যেন একটা পা ভেঙ্গে গিয়েছিল। তখন আমি ছোট ছিলাম। মনে আছে ওরা নানীকে আমাদের চোখের সামনে কেটে ফেলেছিল। আমরা ওদের মত কথা বলতে পারি না। আমাদের প্রতিবাদের ভাষা থাকলে ওরা এগুলো করতে পারত না। তাছাড়া ওরা আমাদের খেতে দেয়, ঘর বানিয়ে থাকতে দেয়। একটা কৃতজ্ঞতা বোধ তো ও থাকতে হয়। ওদের আমরা মনে মনে কত্তো ভালবাসি কিন্তু ওরা আমাদের সাথে কি নিষ্ঠুরতাই না করে! "
     কিছুদিন পরে ওরা আমার যত্ন বাড়িয়ে দিল। সারাদিন কত কি খাওয়ায়। কোনটা খেতে ভাললাগে আবার কোনটা বেশ বাজে লাগে। 
    আমার মায়ের চোখের কোণে সারাক্ষণ জল জমে থাকে। আমি বুঝলাম, মায়ের কিসের এত কষ্ট। আসলে আমাদের মধ্যে ছেলে হয়ে জন্মানোটাই পাপ। মেয়েদের অন্তত জীবনের ঝুঁকি থাকে না। 
    আমায় নিয়ে মালিকদের মধ্যে কত আলোচনা। কত দাম উঠতে পারে, কতটা মাংশ হতে পারে। আমার সামনে বসে সব বলে। ভয়ে আমার পাগুলো ঠান্ডা হয়ে আসে। মায়ের কাছে গিয়ে মায়ের গা ঘেঁষে শুই। মা ছেলেবেলার মত জিভ দিয়ে আমাকে আদর করে দেয়,  দুচোখ জলে ভাসে তার। 
     এর কয়েকদিনের মধ্যেই আমার পরিবারের চোখের জলে বিদায় নিতে হল আমাকে। নতুন মালিক আমাকে অনেক টাকায় কিনে গলায় মালা পরিয়ে নিয়ে গেল তাদের বাড়িতে। এত সাজ! অথচ আমার কোন আনন্দ ছিল না তাতে। আমি সবই বুঝতে পারছিলাম। আমাকে ঘিরে সবার সে কি উচ্ছ্বাস!
   ডেকে ডেকে আমার চেহারা একে দেখায়, তাকে দেখায়। আমার ইচ্ছা করছিল পালিয়ে মায়ের কাছে চলে যাই কিন্তু আমাকে কত শক্ত রশি দিয়ে বেঁধে রেখেছে তা ছাড়িয়ে যাওয়ার উপায় ছিলনা। সারারাত কেঁদে কেঁদে মাকে ডাকলাম। শুনতে পারছিলাম সকালে আমাকে ওরা কেটে ফেলবে। 
    মনে মনে বললাম, "হে খোদা, গো-সংসারে ছেলে হয়ে যেন কেউ জন্ম না নেয়।"

Post a Comment

0Comments
Post a Comment (0)