মেঘের বাড়ি দিলাম পাড়ি

0


মেঘের বাড়ি দিলাম পাড়ি

সাঁ সাঁ শব্দে ছুটে চলছে গাড়ি৷ রাতের আঁধার চিরে পথের পর পথ পেরুচ্ছে সমান তালে৷ বাসে সাধারণত ঘুম আসে না আমার; এসি বাসে কম্বল জড়িয়েও না। কিন্তু এবার যাত্রাপথে সারারাত চোখ বন্ধ করে রইলাম৷ শেষ রাতের দিকে দেহখানা একদম এলিয়ে দিলাম। ভোর রাতে যখন ধড়মড়িয়ে উঠলাম, বাসের জানালা দিয়ে বাইরে দেখি— সারি সারি পাহাড় আর মেঘের ভেলা৷ বান্দরবান অবশেষে পৌঁছে গেলাম।

অনেকদিন যাবত ইচ্ছে, কোথাও ঘুরতে যাবো। কিন্তু নানাবিধ ব্যস্ততায় হয়ে ওঠেনি৷ শেষে একদম হুট করেই টিকিট কাটা হলো। রাত বারোটার সেন্টমার্টিন হুন্দাইয়ে চড়ে গন্তব্যে পাড়ি জমালাম৷

ভোর ছ'টা কুড়ি নাগাদ এসে পৌঁছুলাম। এবার হোটেল খোঁজার পালা। বাসে বসে অনলাইনে বুকিং দিতে চেয়েছিলাম৷ তাতে খরচ অনেকটা বেশি৷ পরে ফেসবুকের ট্রাভেল গ্রুপগুলোতে ঢুকে দেখি, অনেকেই লিখেছেন— খুব বিলাসীভাবে যদি থাকতে না চান, তাহলে অগ্রিম বুকিং না দিয়ে একটু খুঁজলেই ভালো হোটেল পেয়ে যাবেন৷ আমিও পেয়ে গেলাম, শহরের একদম মূল সড়কটির পাশেই হোটেল হিল কুইন। বাসস্ট্যান্ড থেকে পনেরো কিংবা কুড়ি টাকা রিকশা ভাড়া। চাইলে হেঁটেও যাওয়া যায়।

হোটেলে জিনিসপত্র রাখলাম এবং দ্রুত সকালের নাশতা সেরে নিলাম। এরপর ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী বগা লেকের উদ্দেশ্যে রওনা হলাম। আমার প্রথম গন্তব্য রুমা বাজার। একটা সিএনজিতে চড়ে বসলাম। চাঁদের গাড়িতেও যাওয়া যায়৷ এতে খরচ কম পড়ে; দু-পাশের মোহনীয় সৌন্দর্যও মন ভরে দেখা যায়৷

রুমা বাজারে যাওয়ার পথে বুঝতে পেরেছি, বান্দরবান কতটাদুর্গম এলাকা। পথের সৌন্দর্য যেমন মুগ্ধ করলো, তেমনি বেশ ভয়ও লাগলো। আমার সঙ্গী চালক, তাই ভয়টা একটু বেশি লাগারই কথা।

যেতে যেতে পাহাড়ি বাসিন্দাদের সঙ্গে দেখা হলো। পাহাড়ি বাচ্চারা খুব প্রাণোচ্ছল। ওরা নতুন মানুষ দেখলে হাত নেড়ে স্বাগত জানায়। আমাকেও জানালো। চলতি পথে বেশ কয়েকটা ছোট বাজার পড়লো। সেখানে দেখলাম কেউ বা কতোগুলো বরবটি, কেউ বেগুন, কেউ মূলা বিক্রি করছে। সব বাজারেই দুটো তরকারি দেখা গেলো— কলা আর পেঁপে। পাহাড়ি কলা আর পেঁপের স্বাদ অতুলনীয়। বান্দরবান এসে এ জিনিসদুটো অবশ্যই হাতছাড়া করা যায় না। পাহাড়িদের আয়ের অন্যতম প্রধান উৎস হচ্ছে কলা চাষ । দু-পাশে অনেক পাহাড় দেখা যায়, রুমা বাজারে যাওয়ার পথে, এর প্রায় সবগুলোতেই রয়েছে কলাগাছের সারি।

সিএনজি থেকে বারবার বাইরে তাকালাম, একটা হাতির দেখা যদি পাই। হাতির দেখা না পেলেও গহীন বনে পাহাড়িদের ঘরগুলো দেখে মিশ্র অনুভূতির জন্ম নিলো। একবার মনে হলো, ওরা কি অমানবিক কষ্ট করে জীবন নির্বাহ করে! প্রতিদিন কলা, ফল, সবজি, লাকড়ির ঝুড়ি বোঝাই করে মাথায় বা পিঠে চাপিয়ে মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দেয়।  আবার মনে হলো, ওরা অনেকেই শহরে যায়নি,  তাতে কী? ওদের প্রয়োজনও পড়েনি। দিব্যি হেসে খেলে জীবন কাটাচ্ছে এখানে।

সবকিছু ছাপিয়ে যে অনুভূতিটা জেঁকে বসলো, তা হলো— সংসারের মায়া ত্যাগ করা। বিশাল বিশাল পাহাড়ের নিস্তব্ধতা যেনো দু'হাত বাড়িয়ে আমায় ডাকলো৷ ক্ষণে ক্ষণে চুম্বকের মতো আকর্ষণ করলো। মনে হলো, সবকিছু ছেড়ে এই পাহাড়ের চূড়ায় এসে বাস করি অথবা মিশে যাই ঐ সহজ-সরল হাসিমাখা মুখের পাহাড়িদের ভিড়ে। পাহাড়ের নিস্তব্ধতার আছে এক সম্মোহনী শক্তি। যা বলে বোঝাবার মতো নয়, শুধু অনুভব করা যায়।

অবশেষে রুমা বাজার এসে পৌঁছুলাম। এখানে তুলনামূলক ঘন বসতি। বান্দরবান সদরের পর সম্ভবত এ জায়গাটিতেই সবচেয়ে বেশি মানুষ বসবাস করে। রুমা বাজারে দেখলাম নানা জিনিসের পসরা। এখানে চায়ের দোকান থেকে শুরু করে বার্মিজ স্টল সবই রয়েছে। দুপুর বেলায় এখানেই একটা হোটেলে ভাত খেলাম, সাঙ্গু নদীর ছোট মাছ দিয়ে অনন্যসাধারণ তৃপ্তি নিয়ে। আহা!  অমৃতের স্বাদ।রুমা বাজার আসার পথে সাঙ্গু নদী দেখতে থামলাম৷ সাপের মতো এঁকেবেঁকে চলা নদীটা যেনো আরেক সম্মোহনী সৌন্দর্যের আধার। মুগ্ধ হলাম সেই সৌন্দর্য দেখে। এবার চাঁদের গাড়ি করে বগা লেক যাওয়ার পালা। মিলে গেলো চারজনের একটা ট্রাভেলার গ্রুপ। ওরা বেশ মজার মানুষ। হৈ-হুল্লোড়ে একদম মাতিয়ে রাখলো পুরো সময়টা৷ রুমা বাজারের চেকপয়েন্টে সাইন করে সবাই গাড়িতে চেপে বসলাম। একটু দূর এগোতেই পেলাম ঝুলন্ত সেতু৷ সেখানে কিছুক্ষণ ফটোসেশন চললো।

বগা লেক যাওয়ার রাস্তাটা যেমন সুন্দর, তেমন ভয়ঙ্করও বটে। খাড়া পাহাড়ের ঢাল বেয়ে ওঠা আবার নামা৷ উঠতে গেলে মনে হয়, এই বুঝি পিছলে নিচে পড়ে গেলাম। আবার নামতে গেলে মনে হয়, এই বুঝি ব্রেক ফেল হয়ে গেলো। তবে সবাই মিলে চিৎকার করলে অবশ্য অতোটা ভয় লাগে না। ঠিক রোলার কোস্টারে চড়ার মতো। সবচেয়ে বড় ঢালটা ৮০ ডিগ্রি অ্যাঙ্গেলের তো হবেই। এখান দিয়ে ওঠার সময় গাড়ির হ্যান্ডেল শক্ত করে ধরে ফেলতে হয়। শক্ত হার্টের না হলে চোখ বন্ধ করে ফেলতে হয়। আমি চোখ বন্ধ করে ফেললাম৷

বগা লেকে যাওয়ার সময় রোদ ঝলমল করলো। চকচকে সবুজে ভরা প্রকৃতি আর দুধেল সাদা মেঘ উড়ে বেড়ানো নীলাকাশ মনকে আনন্দে ভরে দিলো। আমাদের সময় বেঁধে দেওয়া হলো আড়াইটা৷ কারণ পাঁচটার আগেই চেকপয়েন্টে হাজিরা দিয়ে বেরুতে হবে৷ সুতরাং আমাদের হাতে খুব বেশি সময় নেই। গাড়ি থেকে নেমে সরাসরি বগা লেকের পাড়ে গেলাম। নীল শাপলা চোখে পড়লো। ওপর থেকে বোঝার উপায় নেই, পাহাড়ের গহীনে এ সৌন্দর্য লুকিয়ে আছে। চারপাশের গাছগুলো লেকটাকে যেনো গুপ্তধনের মতো লুকোতে চাইলো। ঘণ্টার পর ঘণ্টা তাকিয়ে থাকা যায় ঐ শান্ত মৃদু ঢেউখেলানো জলের দিকে। কেউ কেউ দেখলাম জামাকাপড় নিয়ে গোসলের জন্য তৈরি হয়ে আছে।

এখান থেকে সাড়ে তিন ঘণ্টা ট্র্যাকিং করলে কেওকারা ডং। ওখানে যাওয়ার পরিকল্পনা নেই। তবে ঐ পথেই অনেক দূর ট্র্যাকিং করলাম। নিচে পিচঢালা রাস্তা আর ওপরে সবুজ গাছের ফাঁকে নীলাকাশ, রাস্তার দু-পাশে নানা রকমের বুনোফুলের ঝোপঝাঁড়।

উপজাতিদের বেশ কিছু দোকান, হোটেল আছে বগা লেকের আশপাশে। এখানে ইচ্ছে হলে রাতে থাকা যায়। লেকের আসল সৌন্দর্য নাকি উপভোগ করা যায় রাতের বেলা চাঁদের আলোতে ।

এবার ফেরার পালা। রুমা বাজার পেরিয়ে সদরে যাওয়ার রাস্তাটাকে এখন আর অতো ভয়ংকর মনে হলো না। বরং কেমন একটা অনুভূতি পেয়ে বসলো। বারবার মনে হলো, কী যেনো রেখে যাচ্ছি! মন খারাপ করে দেওয়া একটা অনুভূতি। পাহাড়ের আকর্ষণ, পাহাড়ের সম্মোহন বারবার আমায় পিছু ডাকলো। দূর থেকে মায়া ভরা আলোকচ্ছটা চোখে পড়লো।

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

Post a Comment

0Comments
Post a Comment (0)