সালাম এবং আল্লাহ হাফেজ বিতর্কঃ

0


সালাম এবং আল্লাহ হাফেজ বিতর্কঃ

ইদানিং ভাইরাল টপিক হচ্ছে, সালাম এবং আল্লাহ হাফেজ। বর্তমানে এমন একটা সময় পার করছি যে, কোন বিষয় ভাইরাল না হলে সংশ্লিষ্ট মহলের টনক নড়ে না। বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের উপসংহার অনুষ্ঠানে ধর্মের অপব্যাখ্যায় জঙ্গিবাদ বিষয় আলোচনায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, শুদ্ধভাবে সালাম দেয়া ও আল্লাহ হাফেজ বলা বিএনপি-জামায়াতের মাসয়ালা ও জঙ্গিবাদের চর্চা।

এখানে ড. জিয়া রহমানের বক্তব্যে আমার তীব্র আপত্তি রয়েছে যদিও উনার বক্তব্যটি এখনকার নয়, দেড় বছর আগের (সূত্রঃ নিউজ২৪)। উনার কথা মতে স্লামালিকুম এর স্থলে আসসালামু আলাইকুম, এটা বিএনপি-জামায়াতের মাসয়ালা ও জঙ্গিবাদের চর্চা। হ্যাঁ আমিও বিএনপির জঙ্গিবাদ সমর্থিত কার্যকলাপের ঘোর বিরোধী। কিন্তু তাই বলে আসসালামু আলাইকুমকে স্লামালিকুম বলা কোন মতেই সমর্থিত নয়। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মুসলিম, ইসলাম নিয়ে এমন কান্ড- জ্ঞানহীন কথা কোনভাবেই মেনে নিতে পারি না। সরকারের উচিত উনাকে সোকজ করা, উনি স্লামালিকুম এই শব্দ কোথায় পেলেন? এটাকি ধর্মানুভূতিতে আঘাত করা নয়। ড. জিয়া রহমানকে অবশ্যই এর ব্যখ্যা দিতে হবে।

এখন আসি আল্লাহ হাফেজ নিয়ে। আল্লাহ হাফেজ কিভাবে আসলো, সেটা জানার আগে ভাষার বিবর্তন নিয়ে সামান্য কিছু কথা বলে নিই। বিবর্তন এবং বিকৃতি দুটি আলাদা শব্দ ও আলাদা অর্থ বহন করে। সমাজ, ভাষা এমনকি কোন বিষয়ই চিরস্থির নয়। যুগ-জামানা পরিবর্তনের সাথে সবকিছুই পরিবর্তিত বা বিবর্তিত হয়ে এগিয়ে চলে, এটাই স্বাভাবিক। বাংলা ভাষাও ঠিক তেমনি কখনো একই জায়গায় স্থির ছিলনা। উৎপত্তির পর নানাভাবে বিবর্তনের মাধ্যমেই একটি পর্যায়ে এসে পৌছেছে যার ফলশ্রুতিতে এখন আমরা শুদ্ধ লেখ্য বা কথ্য ভাষা হিসেবে ব্যবহার করি। এর উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিষদ এবং ব্যাপক যা সংক্ষিপ্তাকারে বলা সম্ভব নয়।

আমাদের এই মহান বাংলা ভাষার বর্তমান এ শব্দ ভান্ডার বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করেছিল। পরবর্তীতে নানা ভাষার সংস্পর্শে এসে এ ভান্ডার বহুল বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর প্রতিটি ভাষার ক্ষেত্রেও একই কথা, বিভিন্ন যুগে বিভিন্ন যৌক্তিক কারণে, বিভিন্ন ভাষা হতে কিছু শব্দ সংযোজিত হয়ে ভাষাকে করে সমৃদ্ধশালী। বাংলাদেশে তুর্কিদের আগমন ও মুসলিম শাসন পত্তনের সুযোগে ক্রমে প্রচুর আরবি ও ফারসি শব্দ বাংলায় প্রবেশ করে বাংলার নিজস্ব সম্পদে পরিনত হয়েছে। পরবর্তীতে এলো ইংরেজী। ইংরেজ শাসনামলে তাদের নিজস্ব সাহিত্য ও সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে। বাংলা ভাষা ঐসব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে। এমন শুধু বাংলা ভাষায় নয়, পৃথিবীর প্রতিটি ভাষাই যুগের সাথে তাল মিলিয়ে বিবর্তিত হয়ে স্বমহিমায় এগিয়ে চলে।

বাংলাদেশে তুর্কিদের আগমন ও মুসলিম শাসনকালে অনেক সুফি সাধক এদেশে এসেছেন। যারা আমাদের সোনার বাংলায় ইসলামের বিজয় কেতন উড়িয়েছে। তুর্কি সুফি সাধকরা এই দেশে এসে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন এই সুবাদে  আমরা তদের কাছ থেকে খোদা হাফেজ শিখেছি। খোদা ইরানি শব্দ, পারসি। আর আল্লাহ আরবী। আরব দেশে কিন্তু আল্লাহ হাফেজ বা খোদা হাফেজ কোনটারই প্রচলন নাই। ইসলামে দেখা হলে কিংবা বিদায় নেয়ার সময় বলতে হয়, আসসালামু আলাইকুম। এর মানে আপনার ওপরে শান্তি বর্ষিত হোক। এই কথাটাও খুব সুন্দর। এখন আমি মুসলিম হিসেবে বলবো আসসালামু আলাইকুম। যদি কেউ পারসি কালচার ফলো করতে চায়, সে বলবে খোদা হাফেজ। কিন্তু আল্লাহ হাফেজটা হলো জগা খিচুড়ি। যেমন আমরা কি বলি গুড সকাল বা শুভ মর্নিং? যদি কেউ বলে, বলতে হবে শুভ সকাল বা গুড মর্নিং।

আর একটি উদাহরন দেই, গাধা এবং জেব্রার মিলনে হয় গাব্রা। মানে গাধার “গা” এবং জেব্রা এর “ব্রা” তাহলে দাঁড়ালো গা+ব্রা=গাব্রা। তেমনি টাইগার এবং লায়ন এর মিলনে যে বাচ্চা হয়, তার নাম টাইগন। আবার ঘোরা এবং গাধার মিলনে হয় খচ্চর। তেমনি যে সব বুদ্ধিজীবীরা আল্লাহ হাফেজ বলেন, তারা কি ভেবেছেন? আল্লাহ হাফেজ খচ্চরের মত একটি বিষয় তৈরী করেছে। কারণ আল্লাহ আরবী আর হাফেজ হচ্ছে পারসি। আরে ভাই যে কোন এক নায়ে পা দেন। এমন ভাবে খচ্চরের জন্ম কেন দেন?

১৯৭০ এর দশকের শেষ দিকে অথবা আশির দশকের প্রথম দিকে আল্লাহ হাফেজ কথাটা বেশি শোনা যেতে থাকে। আল্লাহ হাফেজ কথাটা প্রথম ব্যবহার শুরু হয় পাকিস্তানে ১৯৮০র দশকে প্রেসিডেন্ট জিয়াউল হকের শাসনকালে (সুত্রঃবিবিসি নিউজ)। আল্লাহ / খোদার এই বিতর্ক ওয়াহাবী পন্থী সৌদি আর শিয়াপন্থী ইরানিদের মধ্যেকার অহি নকুল সম্পর্কের ফল। আল্লাহ / খোদা বিতর্ক অর্থহীন। আল্লাহ আরবি শব্দ আর খোদা হচ্ছে পারসিক বা ফার্সি।

এই উপমহাদেশে শত শত বছর ধরে খোদা শব্দটি প্রচলিত থাকায় এখন যেনো আল্লাহ আর খোদা অভিন্ন হয়ে গেছে। দুটি শব্দই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, নিরাকার, বিশ্ববিধাতাকে বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। আশির দশকের সমকালীন ধর্মব্যবসায়ী-রাজনৈতিক দল বাংলা ভাষা থেকে ফার্সি শব্দ বাদ দিয়ে সেখানে আরবি শব্দ ব্যবহার করার ষড়যন্ত্র শুরু করে। তারা বই ও বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব আরবি শব্দের ব্যবহার করতে থাকে। পাশাপশি এদেশের সহজ সরল জনগনকে বোঝাতে থাকে যে আরবি হচ্ছে ধর্মীয় ভাষা, সুতরাং অধিক পুণ্যের জন্য আরবি শব্দ ব্যবহার করাই ভালো।

আবার কিছু মাথামোটা আলেম আছে যারা বলে, আল্লাহ শব্দের কোন বহুবচন নেই। আল্লাহ সত্বারও কোন বহুবচন নেই। অথচ খোদা শব্দটির বহুবচন হল খোদাওন্দ। তাই খোদা বলার মাধ্যমে আল্লাহ তাআলাকে বহুবচন সাব্যস্ত করা হচ্ছে, তাই আল্লাহ শব্দের অনুবাদ খোদা শব্দ দিয়ে করা জায়েজ নয়। আমি সেই সব মাথামোটা আলেমদের বলছি, আপনাদের এ যুক্তিটি অগ্রহণীয় যুক্তি। কারণ যদি তাই হয়, তাহলে রহিম শব্দ দিয়ে আল্লাহকে ডাকা জায়েজ হবে না। কারণ রহীম শব্দের বহুবচন “রুহামা”, তেমনি আল্লাহ তাআলাকে ইলাহ ডাকাও জায়েজ হবে না, কারণ “ইলাহ” এর বহুবচন “আলিহাহ”।

এখন আসি বিদায়ের সময় আল্লাহ হাফেজ/ খোদা হাফেজ বলা কতুটুকু যুক্তিযুক্ত। আমাদের দেশে অনেককেই দেখা যায় তারা বিদায়ের সময় বা চলে যাওয়ার সময় খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ বলে থাকেন। আমিও এক সময় বলেছি। বা এখনো সময়তে বলি। কিন্তু বিদায়ের সময় এটা বলা কি ঠিক? সাক্ষাতের সময় যেমন সালাম দেয়া সুন্নত, তেমনি বিদায়ের সময়েও সালাম দিয়ে বিদায় নেওয়া সুন্নত।

এ বিষয়ে একাধিক হাদীস আছে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন- যখন তোমাদের কেউ কোন মজলিসে পৌছবে, তখন সালাম দিবে। যদি অনুমতি পাওয়া যায়, তবে বসে পড়বে। এরপর যখন মজলিস ত্যাগ করবে তখনও সালাম দিবে। কারণ প্রথম সালাম দ্বিতীয় সালম অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ উভয়টির গুরুত্ব সমান। (জামে তিরমিযী ২/১০০)

সুতরাং ইসলাম আমাদের শিক্ষা দেয়, বিদায়ের সময়ও সালাম দিতে হবে। তাই সালামের বিকল্প হিসাবে 'খোদা হাফেজ বা আল্লাহ হাফেজ' বা এ জাতীয় কোন কিছু বলা যাবে না। তবে  সালামের আগে পৃথক ভাবে দুআ হিসেবে 'খোদা হাফেজ' বলতে পারে। কিন্ত আল্লাহ হাফেজ কেন বলবে? এ বাক্যটি না আরবী,না ফারসী। আমরা কেউ কি বলি শুভ মর্নিং, কিংবা গুড সকাল!

পরিসমাপ্তিতে আমি বলবো, হুজুকে বাঙালীরা হুজুকে মাতার আগে একটু ভাবো, নিজেকে মুসলিম দাবী করছ আবার সালামের পর আল্লাহ হাফেজ বলে বিদায় নিচ্ছো। তুমি কেমন মুসলিম, হাদিসের চুরান্ত ফয়সালা যেখানে বিদায়ের সময় সালাম দিয়ে বিদায় নিবে, সেখানে তুমি আল্লাহ হাফেজ বলে বিদআত করছো। জেনে রেখো,নবীজি বলেন, কুল্লু বিদাতীন দালালাহ (প্রত্যেক বিদাত হচ্ছে পথভ্রষ্টতা) ওকুল্লু দালালাতীন ফিন্নার (প্রত্যেক ভ্রষ্টতার পরিনাম জাহান্নাম)। আল্লাহ আমাদের সবাইকে সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুক। আমিন, ছুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আনিল-হামদু লিল্লাহি রাব্বিল আলামীন।

বিনয়াবত, 

মোহাম্মদ সহিদুল ইসলাম

সম্পাদক-Www.hridoyabangla.com


Post a Comment

0Comments
Post a Comment (0)